জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিলসহ তুরস্কের একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান- এর পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে এরদোয়ান পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল।

কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন আব্দুল্লাহ এরেন, যিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা–এর সভাপতি; তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা।

সফরকালে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তত্ত্বাবধানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবে। এছাড়া তারা উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিনিধি দলটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনস্থ টিকা কিচেন সেন্টারে রমজানের প্রথম দিনের ইফতার করবেন বলে সূত্র নিশ্চিত করেছেন।

জানা গেছে, একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।