পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা ও উন্নয়ন পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী পাহাড়ের প্রতিটি খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে এবং কোথাও কোনো বৈষম্য থাকবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটি সফরে এসে সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপেন দেওয়ান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব খাতে সমন্বিত উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। উন্নয়নের ক্ষেত্রে পাহাড়ে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না।

সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, আগে কাজ করে দেখানো হবে, এরপর জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করা হবে। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের পাশে থেকেই পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
 

  • -পার্বত্য সময়