২০২৪ সালের রুবি গজনবী পুরস্কার পেয়েছে দাতব্য প্রতিষ্ঠান ‘মোনঘর’। প্রতিষ্ঠানটি পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করে থাকে বলে জানা যায়।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক নায়লা কবির স্বাগত বক্তব্য রাখেন। পরে মোনঘরের শিক্ষার্থীরা একটি নৃত্য পরিবেশনা উপস্থাপন করে।

চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে মোনঘরের সহসভাপতি মিসেস নিরুপা দেওয়ান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য খুশী কবির বক্তব্য রাখেন।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রয়াত চেয়ারপারসন রুবি গজনবীর জীবন ও কর্মের স্মরণে ২০২৩ সালে ‘রুবি গজনবী পুরস্কার’ প্রবর্তন করে। রুবি গজনবী তার জীবনের বড় একটি অংশ উৎসর্গ করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, বাংলাদেশের চারুশিল্পের ঐতিহ্য রক্ষা এবং চারুশিল্পীদের জীবনমান উন্নয়নে।

তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় কাজ করা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গনাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এই পুরস্কারের লক্ষ্য হলো রুবি গজনবীর ধারণকৃত মানবিক ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যতিক্রমী কাজকে স্বীকৃতি দেওয়া।