মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বসতবাড়ির শোয়ার কক্ষে এসে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় বাড়ির বাসিন্দারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক নুরুল আমিন ফারুকী জানান, তার বাড়ির টিনের চালায় একটি গুলি আঘাত করে চালা ভেদ করে শোয়ার কক্ষে এসে পড়ে। সে সময় তিনি ও তাঁর স্ত্রী ঘরে অবস্থান করছিলেন। তবে কেউ হতাহত হননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি খোসা উদ্ধার করে। পরে ঘুমধুম পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাফর ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, উদ্ধার করা বস্তুটি রাইফেলের গুলির অংশবিশেষ বলে ধারণা করা হচ্ছে। গুলিটি সংরক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিটি সীমান্তের ওপার থেকে এসে পড়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পার্বত্য সময়


