কক্সবাজারের টেকনাফ জিমংখালী নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাফ নদীর সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়ার পর টহল তৎপরতা জোরদার করা হয়। পরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের নিদর্শনায় ও জিমংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও চিরুনি তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো সন্ত্রাসী অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি এ কর্মকর্তা।

