২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- এমনটাই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই তথ্য জানান।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠাব, যাতে কমিশন আগামী রমজানের আগেই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজন করে।”
ভাষণে তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন ও জনমত উপেক্ষার কারণে দেশজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা তরুণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে দাবানলের মতো বিস্তৃতি লাভ করেছে।”
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
-পার্বত্য সময়


