কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে কুয়েতের আমির শেখ নাওয়াফ ইন্তেকাল করেন।

 

মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, শোক পালন উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যসব ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক দুঃখপ্রকাশ করছেন। তিনি বাংলাদেশের সাথে নাওয়াফের সুসম্পর্কের কথাও তুলে ধরেন।