বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই বইয়ের অনলাইন ভার্সনে ইতিমধ্যে আগের সেই গ্রাফিতি বাদ দিয়ে ‘বল বীর/ চির উন্নত/ মম শির’ লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইগুলোতে গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। এর মধ্যে নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে একটি সংগঠন। আদিবাসী শব্দটি বাতিলসহ কয়েকটি দাবিতে এই সংগঠনের ব্যানারে রোববার (১২ জানুয়ারি) মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ করা হয়।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এনসিটিবি আগের সেই গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। তাদের ভাষ্য, সংবিধান অনুযায়ী আদিবাসী শব্দটি ব্যবহারের সুযোগ নেই। সংবিধানে ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
‘স্টুডেন্ট ফর সভারেন্টির’ আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, তাদের বিক্ষোভ চলাকালে এনসিটিবির চেয়ারম্যানের প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা জানিয়েছেন ভুল থেকে এটি হয়েছিল। এটি তারা আজকের (রোববার) মধ্যেই সংশোধন করবেন। এ ছাড়া কারা এটি করেছেন, সেটি তারা তদন্ত করে বের করবেন।
-পার্বত্য সময়


