নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি একযোগে প্রচার করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করে। এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা ৩টার দিকে বাংলাদেশ সচিবালয়–এ অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।


