বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এনজিওগুলো পাহাড়ের সমস্যা জিইয়ে রেখে ব্যবসা করতে চায়। পাহাড় ও সমতল—উভয় অঞ্চলের সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। একইসাথে তিনি স্পষ্ট করে বলেন, দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না।
রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রফেশনালসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় তিনি পাহাড় ও সমতলের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
দুদু বলেন, "পাহাড় ও সমতল—উভয় অঞ্চলের সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই আমরা। পার্বত্য অঞ্চলে এত বছর ধরে যা ঘটেছে, তার পেছনে ক্ষমতালোভীদের হাত ছিল। এনজিওগুলো সমস্যা জিইয়ে রেখে ব্যবসা করতে চায়। তারা সমস্যার সমাধান চায় না, বরং সমস্যা টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।"
তিনি আরও বলেন, "সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। পাহাড় ও সমতল—উভয় জায়গাতেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রক্তারক্তি করে কোনো সমাধান আসবে না। শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে হবে।"
বিএনপির এই নেতা বলেন, "সমঅধিকারের প্রশ্নে সব মানুষ সমান। এই জায়গাটা পরিষ্কার না হলে সংঘর্ষ তৈরি হবে, যা বিএনপি চায় না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এনজিওর কাজে যুক্ত থেকে পাহাড়ের সমস্যা বাড়িয়েছেন। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।"
তিনি আরও বলেন, "দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমরা সজাগ। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সহাবস্থান নিশ্চিত করতে হবে।"
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিবি’র স্থায়ী কমিটির সদস্য ড. নিয়ামুল বশির, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিনী এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান প্রমুখ।
-পার্বত্য সময়


