বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই চার্জ পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে দিতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল- মিটারের মূল্য পরিশোধের পরও কেন এই চার্জ চালু রাখা হচ্ছে।

সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।