দুর্নীতিতে জড়ালে ব্যক্তি বা দল কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ দখলদারিত্ব বা অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

দীপেন দেওয়ান বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সভা-সমিতি ও সংগঠন দখলের ঘটনায় তার দলের নাম আসছে- এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব অভিযোগ তিনি গুরুত্বসহকারে যাচাই করছেন জানিয়ে বলেন, কোনো কর্মকাণ্ড অসাংগঠনিক প্রমাণিত হলে সেটি দলের ভেতরের হোক বা বাইরের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন- এখন আমরা ক্ষমতায় মানে আমরা জনগণের সেবক। আমাদের দায়িত্ব বেড়েছে। দুর্নীতির প্রশ্নে আমাদের অবস্থান জিরো টলারেন্স। দলের কেউ জড়ালেও তা বরদাস্ত করা হবে না।

পর্যটন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে কেবল দেশীয় পর্যটকের ওপর নির্ভর করলে চলবে না। বিদেশি পর্যটক আকৃষ্ট করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এই খাত আরও শক্তিশালী হবে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে পর্যটন বিকাশে সড়ক যোগাযোগ উন্নয়ন ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।