বাংলাদেশে সন্ত্রাসবাদের জন্য কোনো জায়গা নেই এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট- ‘জিরো টলারেন্স’। সন্ত্রাসবাদ দমন সরকারের শীর্ষ অগ্রাধিকার বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন–এর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের অগ্রাধিকারের শীর্ষে। কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সর্বশক্তি দিয়ে তাদের উচ্ছেদ করা হবে।”
প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চলমান শুল্ক আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যাকবসন জানান, তার দেশ বাংলাদেশের সংস্কার-প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি পূর্ণ সমর্থন জানায়। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের শুরুতে নির্ধারিত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই রূপান্তর চূড়ান্ত হবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত কমিশন ইতিবাচক অগ্রগতি করছে। তিনি জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে মৌলিক সংস্কার বিষয়ে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমি বিশ্বাস করি, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশন অত্যন্ত ভালো কাজ করছে। এর সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

-পার্বত্য সময়