জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ সরকার করিডর সংক্রান্ত কোনো আলোচনায় অংশ নেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খলিলুর রহমান বলেন, “দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো আলোচনা হয়নি। এবং কারো সঙ্গে এমন আলোচনা হবেও না।”
তিনি করিডর ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করে বলেন, “করিডর বলতে বোঝায়—দুর্যোগ বা সংকটের সময় কোনো বিপন্ন এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার একটি ব্যবস্থা। কিন্তু আমরা এখানে কাউকে সরাচ্ছি না, সুতরাং করিডরের প্রয়োজনও নেই।”
আরাকানে চলমান সংঘাতের প্রেক্ষিতে করিডরের প্রয়োজনীয়তা অস্বীকার করে তিনি আরও বলেন, “বর্তমানে আরাকানের পরিস্থিতি এমন নয় যে সেখানে করিডর স্থাপনের দরকার আছে। এখন একমাত্র প্রয়োজন—মানবিক সহায়তা বা ত্রাণ পৌঁছে দেওয়া।”
-পার্বত্য সময়


