হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’–এ ‘লেগোল্যাস’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অভিনেতা অরল্যান্ডো ব্লুম চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফরে অংশ নিয়েছেন।

ঢাকায় পৌঁছানোর পর তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

ইউনিসেফের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্লুম বলেন, “আট বছরের বেশি সময় পর আবার বাংলাদেশে এলাম। এবার এসেছি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবির- কক্সবাজারে, যেখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে, যার অর্ধেকেরও বেশি শিশু।”

তিনি আরও জানান, শিবিরে তরুণ ও শিশুদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের স্বপ্ন ও প্রত্যাশা সম্পর্কে অবগত হয়েছেন।
ব্লুমের ভাষায়, “১৪ বছরের আজিজ আমাকে বলেছে, সে প্রকৌশলী হতে চায় এবং ড্রোনের মাধ্যমে রোহিঙ্গাদের বাস্তবতা বিশ্বকে দেখাতে চায়। আর ১৫ বছর বয়সী হুসনা ডাক্তার হয়ে নিজের সম্প্রদায়ের শিশুদের সহায়তা করতে চায়।”

ব্লুম জানান, ইউনিসেফ–সমর্থিত এসব শিক্ষা কার্যক্রম শিশুদের শুধু পড়াশোনার সুযোগই দেয় না, বরং শোষণ, বাল্যবিবাহ, পাচার ও সশস্ত্রগোষ্ঠীর প্রলোভন থেকে নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। কিন্তু সম্প্রতি তহবিল সংকটের কারণে এই কার্যক্রমগুলো হুমকির মুখে পড়েছে বলে জানান তিনি।

২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অরল্যান্ডো ব্লুম। সুবিধাবঞ্চিত ও সংকটে থাকা শিশুদের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছেন।

অভিনয় ক্যারিয়ারে তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ট্রয়’, ‘ব্ল্যাক হক ডাউন’, ‘কিংডম অব হ্যাভেন’, ‘থ্রি মাসকেটিয়ার্স’ ও ‘দ্য হবিট’সহ একাধিক সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।