জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটে অসন্তোষ প্রকাশ করে খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় এনসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। পরে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন।
যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্যে বিপ্লব ত্রিপুরা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের আগ থেকেই তারা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও তারা যে রাজনৈতিক প্রত্যাশা করেছিলেন, এনসিপির সাম্প্রতিক অবস্থানে তা পূরণ হয়নি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এনসিপি মুক্তিযুদ্ধবিরোধী একটি রাজনৈতিক শক্তির সঙ্গে অবস্থান নেওয়ায় তারা গভীরভাবে হতাশ হয়েছেন। স্বাধীনতাযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দলের সঙ্গে পথচলা অব্যাহত রাখার সিদ্ধান্ত থেকেই তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি দীর্ঘদিন ধরে দেশ ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে যাচ্ছে। স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করায় নবাগত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


