পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না—এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, "পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।"
তিনি আরও বলেন, "পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।"
প্রধান উপদেষ্টা প্রশাসনের কর্মকাণ্ডকে আরও জনবান্ধব করার ওপর জোর দিয়ে বলেন, "আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব, এটা যেন না থাকে। বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা—এ ধারণা বদলাতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ।"
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এর আগে, জনপ্রশাসন সংস্কার কমিশন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করেছিল, যা বাস্তবায়নের মাধ্যমে সরকার নাগরিক সেবাকে আরও সহজ করল।
-পার্বত্য সময়


