মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন।

লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাদের দালিয়ান শহরের হোটেল শাংগ্রি-লা-তে নেওয়া হয়, যেখানে তারা দুই দিন অবস্থান করবেন।

এর আগে, স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন তারা।

সূত্র জানায়, দালিয়ানে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তার সফরের মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ সামার দাভোস ফোরামে অংশ নিতে পারেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ–চীন সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’ উপলক্ষে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠকে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।