চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে চীনের দালিয়ানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে এ ভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৈশভোজে অংশ নেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নৈশভোজে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে উন্মুক্ত আলোচনা ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মাহদী আমিন আরও জানান, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুরে তিনি বুলেট ট্রেনে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।