কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ লাঠিপেটার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ফলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, প্রায় ৪০–৫০ জন চাকরিচ্যুত শিক্ষক সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিলেন। আশ্রয় শিবিরগামী বিভিন্ন এনজিও সংস্থার যানবাহন অবরোধ করায় পুলিশ তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ না মানায় পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে তিনজন আহত হন এবং অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উখিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “জিনিয়া ও অন্যান্যদের সংহতি জানাতে সেখানে গেছেন। উখিয়া কোনো আলাদা দেশ নয়, এখানে আন্দোলন করা যাবে না এমন কথা নেই। আটকদের সম্মানের সঙ্গে মুক্তি দিতে হবে।”
উখিয়ার চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, প্রশাসন সমাধানের আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে তারা ধারাবাহিকভাবে আন্দোলনে নেমেছেন। গত সোমবার কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধে শত শত গাড়ি আটকা পড়ে।
উল্লেখ্য, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু অর্থ সংকটের কারণে গত জুলাইয়ে প্রায় দেড় হাজার শিক্ষককে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। বর্তমানে আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারগুলোতে প্রায় দুই লাখ ৩০ হাজার শিশু পড়াশোনা করছে।

-পার্বত্য সময়