বাংলাদেশ পুলিশকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবা ও কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থে ব্যবহৃত না হওয়ার নির্দেশ দেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, এটি কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নয়। বাংলাদেশ পুলিশের দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে সুনির্দিষ্ট আইন মেনে চলা এবং দেশের নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বাহিনীকে কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। তাদের পেশাদারিত্ব বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।"
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে আজ থেকে আপনারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে প্রবেশ করছেন। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। আজকের দৃষ্টিনন্দন কুচকাওয়াজের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যারা প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তাদের বিশেষ শুভেচ্ছা।" তিনি নবীন পুলিশ সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান এবং থানায় সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলেন।
তিনি আরও বলেন, "পুলিশ বাহিনীর গৌরব ধরে রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আপনাদের কাজ করতে হবে। জনগণের সেবার মাধ্যমে নিজেদেরকে জনবান্ধব হিসেবে প্রমাণ করতে হবে। দায়িত্ব পালনে আপনাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।"
এ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মাসুদুর রহমান ভূঞা, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।