পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তারা বনানী সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ডে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় উচ্চ আদালত বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৮৩ জনকে খালাস দেন। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।