রাঙামাটির লংগদু উপজেলা থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ আহত বন্য হাতিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে ফিরিয়ে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
বুধবার (১ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানান।
বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাঙামাটির লংগদু উপজেলার রাঙ্গিপাড়া ইউনিয়নে লোকালয়ে চলে আসে একটি বন্যহাতি। প্রথমে স্থানীয়রা আতংকিত হলেও পরে বুঝতে পারে হাতিটি অসুস্থ। খবর দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগকে। বনবিভাগের কর্মকর্তারা বন্যহাতিটির অবস্থান সনাক্ত করে চট্টগ্রামে দুলাহাজরা সাফারি পার্ক ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা দলকে নিয়ে আসে।
পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের এলিফেন্ট রেসপন্স দল ও রাজনগর বিজিবি’র সহযোগিতায় অসুস্থ বন্য হাতিটিকে অচেতন করা হয়। পরে চট্টগ্রামে দুলাহাজরা সাফারি পার্ক ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা দল বন্যহাতিটির পায়ের গোড়ালি থেকে গুলি বের করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগিয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের বেশ কিছু জায়গায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। আশষ্কা করা হচ্ছে হাতিটিকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে আহত করেছে। তবে হাতিটি চিকিৎসার জন্য লোকালয়ে চলে আসাতে আমরা বিষয়টি জানতে পারি। এখন হাতিটি সুস্থ রয়েছে। বনে ফিরে গেছে।


