রংপুরের কাউনিয়ার বিশ্বনাথ এলাকায় আলোচিত মোবারক আলী হত্যা মামলার প্রধান আসামি মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৩ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উখিয়ার ক্যাম্প-৪ এর মধুরছড়া ব্লক-ই/২ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতার মইনুল ইসলাম রংপুরের কাউনিয়ার বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।
র্যাবের প্রাথমিক তথ্যানুসারে, গত ২৫ সেপ্টেম্বর রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবারক আলীকে হত্যার পরিকল্পনা করে মইনুল। সেদিন রাতে শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরার পথে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সে। পরবর্তীতে হত্যার ঘটনা গোপন করতে বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত করে লাশ পুঁতে রেখে ওই স্থানে গাছ লাগিয়ে দেয়।
পরিবারের সদস্যরা মোবারক আলীকে খুঁজে না পেয়ে নিখোঁজ ডায়েরি করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। কিছুদিন পর ঘাতকের বাড়ির পাশের নতুন মাটি ও দুর্গন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মূল আসামি আত্মগোপনে চলে যায়।
নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে তার অবস্থান নির্ণয় করে কক্সবাজার থেকে তাকে আটক করতে সক্ষম হয় র্যাবের দল।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।


