চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ’র পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে। আন্দোলকারীদের ঠেকাতে বুধবার সকাল থেকে ওয়াসা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অফিস করেছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বহিরাগতদের।
ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানিয়েছেন, কয়েকদিন ধরে ওয়াসা কার্যালয়ে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল গেট বন্ধ থাকলেও পকেট গেট খোলা আছে। গ্রাহকদেরও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে চট্টগ্রাম ওয়াসা ভবনে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে ওয়াসার দাপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্ত ও কর্মপরিবেশ নষ্ট হচ্ছে। নগরবাসীর মধ্যে সুপেয় পানি সরবরাহ ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে কয়েক দিন ধরে ওয়াসার এমডি’র পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে সংগঠনটি বিক্ষোভ ও ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করে। এছাড়া চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলও অভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
-পার্বত্য সময়

