মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা নিজেদের দুর্দশা সত্ত্বেও বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তারা নিজেদের মধ্য থেকে ১১ লক্ষ ১৯ হাজার ৩৫০ টাকার তহবিল সংগ্রহ করে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করেছেন।
রোববার (১ সেপ্টেম্বর) শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, “নিজেরাই যারা ত্রাণের ওপর নির্ভরশীল, সেই রোহিঙ্গা ভাইবোনেরা নিজেদের ত্রাণ থেকে একটু একটু করে পয়সা বাঁচিয়ে আমাদের বন্যা তহবিলে ডোনেশন করেছেন।”
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলো আমাদের দুঃসময়ে নির্বিকার থাকতে পারেননি। ক্যাম্প থেকে ১১ লক্ষ টাকার বিরাট তহবিল সংগ্রহ করেছেন। এরপর বাংলাদেশি প্রতিনিধির মাধ্যমে তা পাঠিয়েছেন আমাদের অফিসে।”
তিনি উল্লেখ করেন, “তাদের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে- মুসলিম ভ্রাতৃত্বের সামনে ঘুচে যায় দেশকাল, মানচিত্র কিংবা কাঁটাতারের ভেদাভেদ।”

-পার্বত্য সময়