মিয়ানমারে পাচারের সময় প্রায় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিনগর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এছাড়া বোট থেকে ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত নৌযান জব্দ করা হয়েছে।

আটক চার বাংলাদেশি হলেন- চট্টগ্রামের বাকলিয়া এলাকার আব্দুল মান্নান, কক্সবাজারের রামুর মো. সাকিব, টেকনাফের শাহপরীর দ্বীপের মো. সাকের এবং উখিয়ার সৈয়দ আলম। অপর আটজন রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।