কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চেতনানাশক মেশানো জুস খাইয়ে এক নারী ও তার কিশোরী মেয়েকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আটককৃতরা হলেন, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং একই এলাকার মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)।
এপিবিএন জানায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীদের জুসে চেতনানাশক মিশিয়ে খাওয়ায়। অচেতন হওয়ার পর তারা পালাক্রমে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর মা-মেয়ে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, “ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীদের চিকিৎসা ও সহায়তা প্রদান করা হয়েছে।
-পার্বত্য সময়


