কক্সবাজার জেলার টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক ব্যক্তির নাম নুরুস সাফা (৪৭)। তিনি মংডু উপজেলার নাপিতের ডেইল এলাকার বাসিন্দা এবং মৃত বাছা মিয়ার ছেলে।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালান।

অভিযানকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এ সময় বোটে থাকা এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয় এবং পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।