চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের কাছ থেকে ৭ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাকলিয়ার বশরুজ্জামান চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ও মৃত নুর আলমের ছেলে জাফর আলম (৩৫) এবং তার স্ত্রী রহিমা খাতুন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর পরিচয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।
-পার্বত্য সময়


