রোহিঙ্গা সংকটকে ‘একটি তাজা টাইম বোমা’ অভিহিত করে এটি যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন বাংলাদেশের অন্তর্বর্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। এটি একটি তাজা টাইম বোমা; যা যে কোনও সময় বিস্ফোরিত হতে পারে।
যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে ড. ইউনূস বলেন, এ সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিষয়টি উত্থাপন করতে থাকবো। মালয়েশিয়া আমাদের সহযোগিতা করবে। আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারি না। এটি এমন এক বিষয় যা আমাদের যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে।
-পার্বত্য সময়


