বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, রোহিঙ্গা ইস্যু কেবল কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস : রিজিওনাল সিকিউরিটি রিস্কস, রিপ্যাট্রিয়েশন পাথওয়েজ অ্যান্ড লাইভলিহুড চ্যালেঞ্জেস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, আরাকান আর্মির মতো যারা রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও যোগ করেন, রোহিঙ্গা ইস্যু কেবল কূটনৈতিক টেবিলে সীমিত না রেখে জাতীয় রাজনৈতিক আলোচনারও অংশ হওয়া উচিত।
আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, দ্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. ইমাদুল ইসলাম, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফাহিম হোসাইন, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম এবং রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম বলেন, আশ্রয় শিবিরগুলোতে অতিরিক্ত রোহিঙ্গার চাপ মানবিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। “এভাবে এক জায়গায় অস্বাভাবিক ঘনত্বে মানুষকে রাখা হলে পরিস্থিতি একসময় উল্টো বিপদের কারণ হতে পারে। তাই বিকল্প সমাধান খুঁজতে হবে, মন্তব্য করেন তিনি।

-পার্বত্য সময়