কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে লাখো রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত ইফতার অনুষ্ঠানে পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতের নাম নেয়ামত উল্লাহ (৫০), তিনি মধুরছড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) সি ব্লকের বাসিন্দা।
শুক্রবার বেলা তিনটার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪ বর্ধিত) হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানান, প্রচণ্ড গরমের মধ্যে নেয়ামত উল্লাহ দীর্ঘ পথ হেঁটে পাহাড়ের ঢালুতে উঠছিলেন। এ সময় তিনি পদদলিত হন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও দুজন রোহিঙ্গা আহত হয়েছেন। আহতরা হলেন ক্যাম্প-৪ আশ্রয়শিবিরের ই-৫ ব্লকের বাসিন্দা আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান জানিয়েছেন, আহতরা প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে পড়ে গিয়েছিলেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা শঙ্কামুক্ত।'
-পার্বত্য সময়


