কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে দল বেধে তারা পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরে বাস থেকে নামে। এরপর একটি রেস্টুরেন্টে দলবদ্ধভাবে নাস্তা করার সময় তাদেরকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা সবাই রোহিঙ্গা। ক্যাম্প থেকে পালিয়ে তারা চট্টগ্রামে যাচ্ছিল। পরে তাদেরকে আটক করে পটিয়া থানা পুলিশ।
আটককৃত রোহিঙ্গারা হলেন- জাহিদ (১৬), ইমাম মাহাদী (১৭), মো. জুবায়ের (১৪), মনজুর আলম (২০), মো. রাজু (১৪), মো. সিরাজ (১৭), মো. রিয়াদ (১৫), মো. নুর বশর (১৭), মো. সাদ (১৫), নূর মাহমুদ (১৭), মো. আনস (১৬), সৈয়দ আমিন (১৪), মো. নুর (১৪), আব্দুল কাদের (১৮), মো. ফয়সাল (১৮), হাসেম মোল্লা (১৬), জুবায়ের (২১)।
আটককৃতরা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা চান সুমুনী স্কুল ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন পুলিশ।
পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে নগরীর একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়। পটিয়ায় সবাই একটি রেস্তোরাঁয় গাড়ি থেকে নেমে চা খাওয়ার সময় সন্দেহজনকভাবে তাদের আটক করে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
এদিকে, উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন বিভিন্নভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়াদের মধ্যে অল্প সংখ্যক রোহিঙ্গা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে।

-পার্বত্য সময়