আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে গণতান্ত্রিক রূপান্তরের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট সমাধানকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে। বক্তারা সতর্ক করে বলেন, রোহিঙ্গা সংকটকে অবহেলা করলে মানবিক, আর্থিক ও পরিবেশগত সমস্যার পাশাপাশি ভবিষ্যতে এটি রাজনৈতিক ও সামরিক সংকটে রূপ নিতে পারে, যা বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।

বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর উদ্যোগে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বায়েজিদ আরেফিন নগরের হলরুমে আয়োজিত ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বক্তব্য উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই বিষয়ে ভিন্নমত পোষণের কোনো সুযোগ নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে রোহিঙ্গা সমস্যা ভয়াবহ রূপ নেবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুটি শুধু মানবিক সমস্যা নয়, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। এ সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব সার্বিকভাবে দেশের ওপর পড়বে।

গোলটেবিল আলোচনার ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে সামনে আনা। শুধু ক্ষমতায় যাওয়ার লড়াই হলে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে না, বলেন তিনি।

সিসিআরএসবিডির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ড. মশিউর রহমান, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, গণঅধিকার পরিষদের ইমন মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (রুমী), এনসিপির কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমা, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কর্মপরিষদ সদস্য প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, ড. মাসরুর হোসাইন ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম।

সিসিআরএসবিডির পরিচালক প্রফেসর সরওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক মো. নাজমুল ইসলাম চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সাংবাদিক ও কবি ওমর কায়সার, মং রাজা মং প্রম্ন সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুই চিং প্রম্ন সাইন এবং চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহেদুর রহমান।

সভাপতির বক্তব্যে লিয়াকত আলী চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়। এটি জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, সামাজিক কাঠামো ও পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।