পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন), অর্থাৎ রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণ করা জরুরি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত।’
জবাবে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, তার সরকার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত। তিনি রোহিঙ্গাদের মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, ও ভিসা সুবিধাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (টিএএফই)-এর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে এবং দক্ষ জনশক্তিকে বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ করে দেবে।
পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনার সুসান রাইলকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
-পার্বত্য সময়


