সাগরপথে ট্রলারযোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা চলাকালে বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে ১৫৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। একই অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়- নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমের গভীর সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের পর ‘অপারেশন সমুদ্র প্রহরা’র অংশ হিসেবে রোববার ভোরে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারটি আটক করা হয়। তল্লাশিতে নারী ও শিশুসহ মোট ১৫৩ জন মালয়েশিয়াগামী ভুক্তভোগী উদ্ধার করা হয় এবং পাচারকারী চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন, বেশি বেতনের চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করেছিল।