পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মিজান সিকদারের স্ত্রী শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি রোহিঙ্গা যুবক মো. জামালকে আশ্রয় দিয়েছিলেন এবং নিজ সন্তান হিসেবে পরিচয় দিয়ে তাকে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে সহায়তা করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সামনে থেকে ডিবি পুলিশের একটি দল শাহিনুর বেগমকে গ্রেফতার করে। এর আগে রোববার রাতে পিরোজপুর ডিবি পুলিশ জামালকে আটক করে এবং তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, জামাল মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেমিনা থানার রাম্যখালী এলাকার বাসিন্দা। গত এক মাস আগে তিনি কক্সবাজারের বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে ভাণ্ডারিয়ায় আসেন এবং শাহিনুর বেগমের পরিবারে আশ্রয় নেন। জামাল ভুয়া তথ্য দিয়ে জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন এবং ভাণ্ডারিয়া বাজারে কাপড়ের দোকানে কাজ শুরু করেন।
রোববার পাসপোর্ট অফিসে আবেদন দেওয়ার সময় জামালের আসল পরিচয় বের হয়ে আসে। এরপর পুলিশ তাকে আটক করে এবং তদন্ত শুরু হয়। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসারসহ তদন্তকারী দল ঘটনাস্থলে রয়েছে।
-পার্বত্য সময়


