কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে শীর্ষ মাদক পাচারকারী হিসেবে পরিচিত কেফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিমসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-৭-এর এফ/১ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ক্যাম্প-৭ এর কেফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম, ক্যাম্প-২ ওয়েস্ট এর আজিমুল্লাহ, ক্যাম্প-৬ এর জুবায়ের, ক্যাম্প-৮ ইস্ট এর নবী হোসেন ও ক্যাম্প-৬ এর আব্দুল্লাহ।
অভিযান শেষে আটক ব্যক্তিদের উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেলেও পুলিশ জানায় তাদের থানায় হস্তান্তর করা হয়নি। সূত্র বলছে, আটককৃতরা এপিবিএন'র জিম্মায় থাকে। পরবর্তীতে ওই রাতেই আলামত না পাওয়ার কারণ দেখিয়ে কুখ্যাত সন্ত্রাসী কেফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিমকে এপিবিএন'র জিম্মা থেকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে ‘হালিম গ্রুপ’ নামে একটি সশস্ত্র ও সংঘবদ্ধ অপরাধী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, এই চক্রটি মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল রাকিবুল হাসান কেফায়েত উল্লাহ ওরফে হালিমকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। তিনি বলেন, তাকে পুলিশও আটক করেনি, কেউ ধরে নিয়েও আসেনি এবং থানায়ও আনা হয়নি।
৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বলেন, হালিম আসলে ৮ এপিবিএন অধীনস্থ এলাকায় থাকে না- এ এলাকায় তার প্রভাব নেই। সে সম্ভবত ১৪ এপিবিএন এর অধীনস্থ এলাকায় থাকে।
এ বিষয়ে তিনি নিজের কঠোর অবস্থান তুলে ধরার সাথে সাথে ১৪ এপিবিএন-এ যোগাযোগ করার পরামর্শ দেন। এ বিষয়ে জানতে ১৪ এপিবিএন'র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র মতে, গ্রুপটি ‘এআরও’ নামে পরিচিত একটি সশস্ত্র সংগঠনের হয়ে কাজ করে এবং ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। কেফায়েত উল্লাহ ওরফে হালিমকে এই চক্রের প্রধান। তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে বলেও দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযোগ রয়েছে, অবৈধ অস্ত্র ও অর্থের জোরে এই চক্রটি ক্যাম্পের ভেতরে প্রভাব বিস্তার করেছে এবং ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচারের একটি বড় নেটওয়ার্ক পরিচালনা করছে।


