সাগরপথে মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জনকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজন দালালকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ ।
রোববার (২৯ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ৬১ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭টি শিশু রয়েছে।
পুলিশের হাতে আটক দালালরা হলো, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সালেহ আহাম্মদ (৩৫), তার ভাই নুরুল কবির (২৭) ও সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।
আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
- --পার্বত্য সময়


