চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়।
আটক নারীরা কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা সহিসু আলমের মেয়ে সুবাইরা এবং সোনা আলীর মেয়ে জুহুরা বেগম।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দুই নারী অফিসে প্রবেশ করে। এ সময় সুবাইরা পাসপোর্ট আবেদনপত্র, ব্যাংক ড্রাফট ও অন্যান্য কাগজপত্র জমা দেন। তার সঙ্গে বাংলাদেশি ভোটার আইডির ভেরিফাইড কপি ও ফটোকপিও ছিল, যা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক নারীর নামে।
জিজ্ঞাসাবাদে দুই নারী জাল পরিচয় ব্যবহার করে পাসপোর্ট আবেদন করার কথা স্বীকার করেন। তারা জানান, এক ব্যক্তির সহায়তায় সৌদি আরবে যাওয়ার প্রলোভনে পাসপোর্ট বানানোর চেষ্টা করেন। তবে তারা দাবি করেন যে ঐ ব্যক্তিকে তারা চেনেন না; সে-ই যাবতীয় কাগজপত্র জোগাড় করে দেয়।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা উত্তম কুমার সাহা বলেন, আবেদনপত্র দেখে রোহিঙ্গাদের শনাক্ত করা কঠিন। ভাষা ও আচরণের মাধ্যমে সন্দেহ হলে আমরা বিভিন্ন প্রশ্ন করি। সেভাবেই তাদের চিহ্নিত করা হয়েছে।
পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, এসবি ক্লিয়ারেন্স সাময়িক বন্ধ থাকায় আমরা আরও সতর্ক। না হলে ফাঁকফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিতে পারে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, আটক দুই নারী বৈধভাবে কুতুপালং ক্যাম্পে অবস্থান করছেন। তাদের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে। ক্যাম্প ছাড়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।


