নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক যুবকের জাতীয় পরিচয়পত্রে নাম ছিল মো. আরিয়ান। তবে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে রোহিঙ্গা ডাটাবেজ থেকে তার প্রকৃত পরিচয় পাওয়া যায়—তিনি কক্সবাজারের উখিয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আনোস, পিতার নাম নুর হোসেন। ২০০১ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণকারী আনোস ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।
পুলিশ জানায়, দালাল চক্রের সহায়তায় ভুয়া তথ্য ব্যবহার করে তিনি বাংলাদেশি পরিচয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং সেটি দিয়েই পাসপোর্টের জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে। এ সময় তার কাছে পাসপোর্ট আবেদনপত্র, বিভিন্ন নথি এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিল উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক মধ্যপ্রাচ্যে পালানোর চেষ্টা করছিলেন। কারা তাকে ভুয়া নথি জোগাড় করে দিয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অসাধু কর্মকর্তা ও দালালদের সহায়তা ছাড়া রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া সম্ভব নয়। তাই এ চক্রকে চিহ্নিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, নথি যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ায় বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, ভুয়া কাগজপত্র দিয়ে কেউ যাতে পাসপোর্ট করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তারা সর্বদা সতর্ক রয়েছেন।

-পার্বত্য সময়