সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া ঠিকানা ও জন্মনিবন্ধন ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে তিনি কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পাসপোর্ট অফিস জানায়, তিনি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয়ে আবেদন করতে আসেন এবং সঙ্গে আনেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদ। আচরণে সন্দেহ হওয়ায় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে জন্মনিবন্ধন সনদসহ পরিচয় তথ্য সবই ভুয়া।

সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন, পাসপোর্ট অফিস এমন জাল পরিচয়সহ কেউ যাতে পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদে তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা যায় এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দিই।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, আটক যুবক নিজের নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা বলে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন কুতুপালং ক্যাম্পে ছিলেন এবং ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে চেয়েছিলেন।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।