মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে মো. সাদেক (২৩) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বালুখালী সীমান্তের বিপরীতে মিয়ানমারের ভেতরে ‘ডাব বাগান’ নামে পরিচিত এলাকায় হঠাৎ মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে বিজিবি সদস্যরা দেখতে পান, আহত অবস্থায় ওই যুবক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে চলে আসছেন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সাদেক মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে তিনি মাইনের বিস্ফোরণের শিকার হন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে যাওয়া জেলেদের একটি দলের একজন সদস্য এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।