বান্দরবান-মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মো. রবি আলম (২৫) নামের এক রোহিঙ্গা যুবক। 
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত সংলগ্ন ৩৬ নম্বর পিলারের বাইশফাঁড়ি এলাকার বিপরীতে মিয়ানমারের হাতিরঝিরি এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
আহত রবি আলম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন রোহিঙ্গা পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করলে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে রবি আলমের বাঁ পা, বাঁ হাত ও শরীরের একাংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া আশ্রয়শিবির হাসপাতাল, সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) সীমান্ত এলাকায় স্থলমাইন পুঁতে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

-পার্বত্য সময়