ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্যানেলটির ভিপি, জিএস ও এজিএসসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিকে কার্যনির্বাহী সদস্য পদে ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সর্ব মিত্র চাকমা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী ছিলেন ৬২ জন।
ঘোষিত ফলাফলে দেখা যায়— ভিপি পদে: শিবিরের মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে: শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এজিএস পদে: শিবিরের মুহা. মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এছাড়া সম্পাদক পদগুলোতেও শিবির সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে তাদের জয় নিশ্চিত হয়েছে। তবে সমাজসেবা, সাহিত্য ও সাংস্কৃতিক, এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
ডাকসু নির্বাচনে শিবিরের এ বিপুল বিজয়কে সংগঠনটির নেতারা “ঐতিহাসিক ও ছাত্রসমর্থিত জয়” বলে দাবি করেছেন।
-পার্বত্য সময়


