মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত দুটি ভল্ট থেকে ৮৩২ দশমিক ৫১ ভরি সোনার গয়না উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইনটেলিজেন্স সেল (সিআইসি)। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট দুটি খোলা হয়। এসময় সিআইসি, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ দল উপস্থিত ছিল।

সংবাদমাধ্যম ডেইলি স্টারের খবরে বলা হয়- সিআইসির এক সিনিয়র কর্মকর্তা জানান, ভল্টগুলোতে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে পাওয়া রাষ্ট্রীয় পুরস্কার ও উপহারের পাশাপাশি প্রায় ৮৩২ ভরি সোনার অলঙ্কার পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও এসব উপহার ভল্টে সংরক্ষিত অবস্থায় ছিল বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) শিগগিরই আনুষ্ঠানিক ব্রিফিং দেবে বলে আশা করা হচ্ছে।

একইদিন পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে নিবন্ধিত আরেকটি ভল্টও খোলা হয়। তবে সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।