জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তারা।
২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। মাত্র ৪৬ বছর বয়সে তিনি দেশের সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে দায়িত্ব নেন এবং আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন।
এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি পুনরায় স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে গেলে তিনি সংসদ সদস্য পদ হারান। পরবর্তীতে একই বছরের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছে স্পিকারের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।


