কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী আশ্রয়শিবির থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার থাইংখালী এলাকার তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-ব্লক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্য অনুযায়ী, ওই এলাকার একটি পাহাড়ের নিচে কয়েকজন দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ৮ এপিবিএনের ওই কর্মকর্তা।