আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) নামের এই দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। 
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধ যুবকের নাম মো. ফারুক (২২)। সে একই ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা মো. সাকেরের ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আশ্রয় শিবিরের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আরসা ও আরএসওর ২৫ থেকে ৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষ ৩ থেকে ৪ রাউন্ড এলোপাতাড়ি গুলি বিনিময় হয়। এসময় আরএসও সদস্য মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আরসা সদস্যরা পালিয়ে যায়। 
আমির জাফর বলেন, ঘটনার পরবর্তী আশেপাশের রোহিঙ্গারা আহত আরএসও সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত রোহিঙ্গা শরণার্থী বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

-পার্বত্য সময়